হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন রাষ্ট্রপক্ষের

শাপলা চত্বর মামলা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

মতিঝিলের শাপলা চত্বরে তের বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বিচার শুরুর আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন জানান। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। খবর বিডিনিউজের।

শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে আনা পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান এবং মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে ‘স্বৈরশাসক’ হয়ে ওঠেন, শুনানিতে তারও বর্ণনা দেন তিনি। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তারা হলেন– সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল এবং একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাদের প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া পরাতে যান দায়িত্বরত এক পুলিশ সদস্য। তাতে আপত্তি জানিয়ে তিনি বলেন, আমি এসব পরব না। কোন আইনে আছে? এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামান পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল–২–এর এজলাসে তোলা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না। প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম আদেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিয়াউল আহসানের কারণে শুনানি শুরু করতে দেরি হয়েছে। জিয়াউল আহসান সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান। পরে বিশেষ নিরাপত্তায় তাকে আনা হয়। তার কারণে দুপুর ২টার দিকে শুনানি শুরু হয়।

আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কখনো খাবার, কখনো ওয়াশরুমে যাওয়ার কথা বলে সময়ক্ষেপণ করেন। পরে বিশেষ পাহারায় তাকে ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়। চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষে, বিশেষ করে জিয়াউল আহসানের পক্ষ থেকে অন্য আসামিদের সঙ্গে একত্রে আদালতে আসার আবেদন করা হয়েছিল। তার এ ধরনের আচরণের কারণে আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। ভবিষ্যতে এ ধরনের আচরণ ‘সহ্য করা হবে না’ বলেও সতর্ক করেন তিনি।

দুই অভিযোগে ৫২ জনকে হত্যার বিবরণ : প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ৬ মে ভোর ৫টা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের এলাকায় ২৮ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে ৩২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অনেককে হত্যার উদ্দেশ্যে নির্যাতন ও গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে, যা ‘গণহত্যার শামিল’ বলে দাবি রাষ্ট্রপক্ষের। যে ২৮ জন নিহত হওয়ার তথ্য অভিযোগপত্রে এসেছে, তারা হলেন– মো. ইশা হক আলী, হাফেজ মো. মাহমুদ হাসান জুবায়ের, আবু বকর সিদ্দিক, মো. আব্দুল ওয়াহাব মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মুক্তার মিয়া, কাজী মো. রাকিবুল হক, আল–আমিন, মো. নজরুল ইসলাম, দ্বীন ইসলাম মীর, মাওলানা মো. ইউনুস আলী, সাদ্দাম হোসেন, মো. সাইদুল ইসলাম ওরফে সাইদুল বারি (আবু সাঈদ রহ. সাইদুল ইসলাম), মোহাম্মদ আকবর হোসেন, মো. ইব্রাহিম খলিল, নাহিদ সিকদার ওরফে আবু হানিফ, মো. ইউনুস মোল্লা, মো. মোয়াজ্জেমুল হক, মাওলানা সিহাব উদ্দিন, মো. মাহমুদ হাছান, মো. আনোয়ার শাহ, মো. সজীব রায়হান রাজা ওরফে ফরহান রহমান রাজা, আলমগীর, একেএম রেহান আহসান, মো. হারুন অর রশিদ (মো. হারুন খান), মাওলানা আমিরুল ইসলাম, মো. কামাল উদ্দিন খান এবং মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় নিখোঁজ থাকা চারজন হলেন– আতাউর রহমান, মো. সেকিন্দার, মো. রবিউল ইসলাম এবং মো. শরিফ। দ্বিতীয় অভিযোগে ৬ মে সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ২০ জনকে হত্যার ঘটনার কথা বলা হয়েছে। তারা হলেন– মো. ছাদেক মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মো. রুহুল আমিন, মো. সুমন মোল্লা, সাইদুল ইসলাম, হাবিবুল্লাহ, আবু বকর সিদ্দিক, মো. সাইফুল, আব্দুল হান্নান, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আমিনুর রহমান, বাবু গাজী, মাসুম খান, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, মো. মারজানুল ইসলাম সৌরভ, কাজী আলিম উল্লাহ ফারুক, নাজির আহমদ, মোহাম্মদ নিজামুল হক, মো. ওসমান গণী ওরফে বাঁধন এবং আব্দুল গফুর। অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের অভিযান থেকে পালিয়ে যাওয়া বিক্ষুব্ধ জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর সেখানে হামলা চালানো হয়। তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ‘নির্দেশে’ পুলিশ ও বিজিবি সদস্যরা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিরীহ ছাত্র–জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এ হত্যাকাণ্ড ঘটায়।

পূর্ববর্তী নিবন্ধজানালার গ্রিল কেটে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
পরবর্তী নিবন্ধ‘চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলবো’