জানালার গ্রিল কেটে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মাতামুহুরী উপজেলা

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এবার চিংড়ি ও লবণ ব্যবসায়ীর বিলাসবহুল ভবনের জানালার গ্রিল কেটে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, এফ.জেড ভার্সনের একটি মোটরসাইকেল ছাড়াও দামি মালামাল লুট করে নিয়ে যায় মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতেরা।

গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঈদমণি মধ্যমপাড়ার মৃত উমেদ আলীর পুত্র চিংড়ি ও লবণ ব্যবসায়ী নাজেম উদ্দিন সওদাগরের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ী নাজেম উদ্দিন সওদাগর দাবি করেছেন– প্রতিদিনকার মতো বুধবার রাত এগারোটার দিকে খাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে জেগে ওঠেন এবং ফের ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর সাড়ে পাঁচটার দিকে মেয়ে আমার কক্ষের দরজায় নক দিয়ে ডেকে তুলে ডাকাতেরা সব নিয়ে গেছে বলে জানালে স্ত্রী ও মেয়ের কক্ষে গিয়ে আলমিরা ভাঙা দেখতে পান।

তিনি আরও জানান– ৭–৮ সদস্যের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত বাড়ির দেওয়ালের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢুকে ভোররাতে। এ সময় স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই আলমিরা ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে তিন লাখ টাকা মূল্যের এফ.জেড ভার্সন মোটরসাইকেল ও দামি মালামালসহ অন্তত অর্ধ কোটি টাকার মালামাল লুট করে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল আমার বাড়ি পরিদর্শন করেছেন।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুন অর রশিদ বলেন, ‘ব্যবসায়ী নাজেম উদ্দিন সওদাগরের বাড়িতে যে কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে একই কায়দায় ইতোপূর্বে দৌলনী ঘোনা, কদ্দা চড়া ও হাজী রওশন আলী সিকদার পাড়ার প্রবাসীসহ বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তাই একই ডাকাতচক্র একই কায়দায় এসব ডাকাতি সংঘটিত করছে কী–না তা তদন্তসাপেক্ষ।‘

এ ব্যাপারে মাতামুহুরী উপজেলার আইন–শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ‘ব্যবসায়ী নাজেম উদ্দিন সওদাগরের বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসাথে ঘটনায় জড়িতদের শনাক্ত করাসহ তাদের আটক এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ মাঠে তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধহাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন রাষ্ট্রপক্ষের