কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে দুটি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে। খবর বিডিনিউজের।
বুধবার গভীর রাতে মিয়ানমার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী বাজারের আশপাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি আতিকুর রহমান। পিস্তল উঁচিয়ে গুলি করা যুবককে নাম সাখাওয়াত হোসেন মুন্না। গ্রেপ্তার অন্য তিনজন হলেন– মিজানুর রহমান, আরাফাত হোসেন ও আবু তাহের। তাদের মধ্যে মুন্না তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।
ওসি বলেন, বুধবার বিকালে মাদক ব্যবসা ও বটতলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারী মুন্নাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক বন্দুক উঁচিয়ে গুলি ছুড়ছেন। তার পাশে আরও দুজনকে কিরিচ হাতে দেখা যায়। গুলির শব্দে বাজারের লোকজন আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।










