টেকনাফ-উখিয়ায় ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিজিবির পৃথক তিন অভিযান, আটক ২

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে টেকনাফে ৬৪ বিজিবির সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ৭–৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনে অবস্থান নেন। পরে বিজিবির স্পিডবোট টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে গেলে তারা ইয়াবার বস্তাগুলো পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ছোট–বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধ‘চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলবো’
পরবর্তী নিবন্ধআট মাসে মৃত্যু ১৩শ ছুঁইছুঁই