বোয়ালখালীতে একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে পুকুরের প্রায় ৭ থেকে ৮ মণ মাছ মারা গেছে। এ ঘটনায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবার টেক এলাকার মুসার বাপের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক রিদোয়ান খান বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে তাঁর বড় ভাই কফিল পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখেন। পরে তাঁরা পুকুরের বিপুলসংখ্যক মাছ মরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরো বলেন, গত জানুয়ারিতে ৭৫ হাজার টাকা ব্যয়ে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন তিনি। এর মধ্যে ছিল রুই, ব্রিগেড, পাঙ্গাস, নাইলোটিকা ও কার্পজাতীয় মাছ। বর্তমানে পুকুরের রুই মাছের ওজন দুই কেজির বেশি এবং পাঙ্গাস মাছের ওজন প্রায় তিন কেজি হয়েছিল।
তিনি বলেন, পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৭ থেকে ৮ মণ মাছ মারা যায়। এতে আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শখের বশে মাছ চাষ শুরু করেছিলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে রমজানের শুরুতে পুকুরে জাল দিয়ে মাছ ধরার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু মাছ মরে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







