কর্ণফুলীর পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মিছিল ও যানবাহন ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে নাম উল্লেখ করা ৩৬ জনকেই পলাতক দেখানো হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
মামলার এজাহারে নাম থাকা ৩৬ আসামির বেশির ভাগই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাদের মধ্যে গুটিকয়েক জনপ্রতিনিধিও রয়েছেন। তারাও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ–পদবিতে রয়েছেন বলে জানা গেছে। মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন সাজিদ কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। গতকাল বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– আশরাফুল ইসলাম (৩৯), রফিকুল ইসলাম (৩৫), ইয়াছিন মজুমদার (২৭), সজিব গুহ (২৪), নয়ন আলী (৪৯), শাহারিয়ার শুভ (২৩) ও জাহাঙ্গীর আলম (২৭)। তাদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো কায় কিসলু বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চকরিয়া : চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মঙ্গলবার দিবাগত রাতে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন– চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা পশ্চিম পাড়ার রুহুল কাদেরের ছেলে মো. বাবুল হোসেন, পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আরফাত নোমান ও কারাইয়াঘোনা খন্দকার পাড়ার ফরিদ আলমের ছেলে বাবু মিয়া।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সিফাত এবং কঙবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরহান মাহমুদ রুবেলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী কাহারিয়াঘোনা এলাকায় জড়ো হন। পরবর্তীতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এদিকে মিছিলের খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে মিছিলের নেতৃত্বদানকারী নেতাসহ অন্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে অভিযান ও এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।










