কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় একটি নির্জন স্থানে গাছ থেকে দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এসপির ভিটা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি ওই এলাকার আবদুর রহিমের ছেলে এবং পেশায় একজন সিএনজি টেক্সি চালক ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে একজন পথচারী ওই স্থানে গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকালীন নিহতের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, গাছের উপর থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










