ঝড় তুফান বর্ষা শেষে
ভাদ্র আশ্বিন মাসে
ডাঙার জলে ডিঙির ওপর
শরৎ রানী হাসে।
শরৎ এলে শুভ্র মেঘের
ইচ্ছে মতন ঢং,
এই শরতে পদ্মফুলের
নানান রকম রঙ।
আমন ক্ষেতে কোমল হাসি
তালের গাছে তাল,
ভরা নদীর শান্ত ধারায়
উড়ায় মাঝি পাল।
আকাশ জুড়ে ঘুড়ির মেলা
ভাসছে উঁচু নিচু,
মেঘ বালিকার লুকোচুরি
রোদের পিছু পিছু।









