চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোহাম্মদ বখতিয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তামজিদ আমিন তুলহান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনটির মোট ২৫০ জন ভোটারের মধ্যে ১২৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোছাইন মাহী, অর্থ সম্পাদক পদে মোস্তফা গালিব শিহাব, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল আবিদ, ক্রীড়া সম্পাদক পদে ফজলুল নওশাদ তোহা, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে সৃষ্টি দাশ এবং প্রচার সম্পাদক পদে তানজিরুল কবির।
নবনির্বাচিত কমিটি সংগঠনকে আরও গতিশীল, শিক্ষার্থীবান্ধব ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার মধ্যে রয়েছে চকরিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ‘রোড টু হায়ার স্টাডিজ’ শীর্ষক কর্মসূচি, ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, বার্ষিক শিক্ষা সফরসহ বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম।
একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আসিফ রায়হান, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার আব্দুল কাদের এবং নির্বাচন কমিশনার রশিদুল হক দিনার, মঈদ উদ্দিন চিশতি, শহিদুল কাইছার ও ইয়াছিন আরাফাত। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্র উপদেষ্টা আব্দুল মোমেন, ইমরান সাদিক সাঈদী ও সুজন।
নবনির্বাচিত নেতৃত্বের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চবির চকোরী চকরিয়ার শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ শিক্ষার্থী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে। #












