হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এই অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। রোববার নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন তিনি। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা–পলা। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে অভিনেত্রীকে। বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা? ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি। প্রভা লিখেছেন, আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।

অভিনেত্রীর বক্তব্য থেকেই ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, সেটি এখনো জানাননি প্রভা। এদিকে সমপ্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ কি জেগে আছে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’