চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুমা বেগম রোজি কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই নেত্রী বিএনপির জন্মলগ্ন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত একজন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে তার অসামান্য অবদান দল ও দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীরা আজীবন মনে রাখবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ হালিশহরের সিমেন্স হোস্টেল সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর জামে মসজিদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিতে তার (বেগম রোজি কবির) বলিষ্ঠ ভূমিকা দলীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠাসহকারে দায়িত্ব পালনে তার কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমাজকল্যাণমূলক কাজকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন।
দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর ডা. শাহাদাত হোসেন মসজিদ সংলগ্ন কবরস্থানে বেগম রোজি কবিরের কবর জিয়ারত করেন এবং সেখানে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সহসভাপতি মো. শরিফ, আবদুল মান্নান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, বিএনপি নেতা মো. আইযুব, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউছুপ সুমন, থানা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ, সদস্য সচিব আকিব জাবেদ, থানা যুবদলের সহসভাপতি দিদারুল আলম, মো. ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











