লাল শাপলায় অপরূপ হাজাছড়া বিল

বাড়ছে দর্শনার্থী

সমির মল্লিক, খাগড়াছড়ি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কার্তিকের ভোর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া বিলজুড়ে ফুটেছে লাল শাপলা। ভোর থেকে বিস্তীর্ণ জলরাশির ওপর ছড়িয়ে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। মূলত সকালটা পর্যন্ত ভিড় থাকলেও সারাদিন দর্শনার্থীরা বিলের সৌন্দর্য দেখতে সেখানে যাচ্ছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ একর আয়তনের হাজাছড়া বিলের মধ্যে এ বছর প্রায় ৪ একর এলাকাজুড়ে ফুটেছে লাল শাপলা। বিলের পানিতে ফুটে থাকা অসংখ্য লাল ফুল আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ মিলে তৈরি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। বিশেষ করে ভোরের আলোয় শিশিরভেজা শাপলার সৌন্দর্য দর্শনার্থীদের বেশি আকৃষ্ট করছে।

স্থানীয় নৌকা চালক ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন দর্শনার্থী হাজাছড়া বিলে আসছেন। তাদের কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ আসছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিলটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে। দূরদূরান্ত থেকে আসা অনেকেই নৌকায় চড়ে বিলের ভেতর ঘুরে দেখছেন। লাল শাপলার সৌন্দর্যের পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন তারা। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন। তাদের নৌকায় করে বিল ঘুরিয়ে দেখাই। দর্শনার্থীদের নিয়ে বিলের ভেতরে গেলে তারা কাছ থেকে শাপলা দেখতে পারেন এবং ছবি তুলতে পারেন। এ কাজ করে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা আয় হচ্ছে।

বিল দেখতে আসা দর্শনার্থী অস্তু মহাজন, তুলি বড়ুয়া ও বৃষ্টি শীল বলেন, ফেসবুকে হাজাছড়া বিলের লাল শাপলার ছবি ও ভিডিও দেখে এখানে আসার আগ্রহ তৈরি হয়। পরে সরাসরি এসে তারা প্রত্যাশার চেয়েও বেশি সুন্দর পরিবেশ দেখতে পেয়েছেন। চারদিকে লাল শাপলা, শান্ত জলরাশি আর প্রাকৃতিক পরিবেশ তাদের মুগ্ধ করেছে। তাদের মতে, পর্যটকদের জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ–সুবিধা নিশ্চিত করা গেলে স্থানটি আরও পরিচিত হয়ে উঠবে।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক নাজিম উদ্দিন বলেন, হাজাছড়া বিলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র গড়ে তোলার সুযোগ রয়েছে। বিশেষ করে শাপলা ফোটার মৌসুমে এখানে পর্যটকদের আগমন বাড়ে। এ সময় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে নৌকা ভ্রমণ এবং অন্যান্য সেবার ব্যবস্থা করা গেলে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে।

দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের বলেন, লাল শাপলার সৌন্দর্য দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ হাজাছড়া বিলে আসছেন। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি পর্যটনের সম্ভাবনাময় একটি কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। তবে লাল শাপলার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে দর্শনার্থীদের ভোরে বিলে যাওয়ার পরামর্শ দেন তিনি। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সূর্যের তীব্রতা কম থাকায় ফুলের সবগুলো পাপড়ি খোলা থাকে। এসময় ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে।

পূর্ববর্তী নিবন্ধএমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি : পল্লী বিদ্যুৎ সমিতি