২০ বছরের পুরনো কোনাখালী-ঢেমুশিয়া বেইলি ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ

সংস্কার নয়, নতুন গার্ডার সেতু নির্মাণের দাবি

ছোটন কান্তি নাথ, চকরিয়া | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

প্রায় ২০ বছর আগে স্থাপন করা হয়েছিল কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া–কোনাখালী সংযোগ সড়কের বেইলি সেতুটি। এরপর থেকে আশপাশের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই সেতু। সময়ের পরিক্রমায় এই সেতুটির পাটাতন জরাজীর্ণ হয়ে অসংখ্য স্থানে বড় বড় বেশ ফুটো হয়ে পড়ায় এখন একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে সেতুর মাঝপথে দুর্ঘটনার পতিত হচ্ছে ছোট–বড় যানবাহন। একইসাথে চরম দুর্ভোগের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার জনসাধারণকে।

সরজমিন দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত এই বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় ঢেমুশিয়া ও কোনাখালী ইউনিয়নের সঙ্গে সংযোগ স্থাপন করা একমাত্র বেইলি সেতুটির বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে পড়েছে। এমনকি পিলারেও দেখা দিয়েছে ক্ষতচিহ্ন। এই অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে হাজারো মানুষ, পথচারীসহ যানবাহন চালককেও।

স্থানীয়রা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই বেইলি সেতুটি পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া, ঢেমুশিয়া ও কোনাখালী ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন এই বেইলি সেতু দিয়ে হাজারো যানবাহন যাত্রীসহ পণ্য আনা–নেওয়া করা হয়ে থাকে। কিন্তু সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন ও যাত্রীরা। এতে আহত হওয়ার পাশাপাশি যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের দাবি– দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত বেইলি সেতুটি সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় পাশে আরেকটি একটি স্থায়ী গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। এতে লাখো মানুষের নিরাপদ যোগাযোগ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

ঢেমুশিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, কয়েকটি ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার অন্তত লাখো মানুষের সহজে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ঢেমুশিয়া ও কোনাখালী ইউনিয়নকে পৃথক করা ছড়া খালের ওপর নির্মিত এই বেইলি সেতুটি। কিন্তু সেতুটির বর্তমান অবস্থা একেবারেই নাজুক হওয়ায় অতিদ্রুত সংস্কার করা অত্যাবশ্যক হয়ে ওঠেছে। এছাড়াও দীর্ঘদিনের জরাজীর্ণ এই বেইলি সেতুর বদলে এখানে একটি স্থায়ী গার্ডার সেতু নির্মাণ করাটাও বেশ জরুরি হয়ে পড়েছে। তাই বেইলি সেতু সংস্কার নয়, জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে এখানে একটি গার্ডার সেতু নির্মাণ করা জরুরি।

কোনাখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা ইমরুল হাসান হান্নান দৈনিক আজাদীকে বলেন, আমরা প্রতিদিন এই বেইলি সেতু দিয়ে যাতায়াত করি। কিন্তু বেইলি সেতুটির অবস্থা একেবারে শোচনীয় হওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অবস্থা এমন হয়েছে যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই বেইলি সেতু দিয়ে। তাই বেইলি সেতুটি সংস্কারের পাশাপাশি অতিদ্রুত এখানে নতুন করে গার্ডার সেতু নির্মাণের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ও ঢেমুশিয়া সংযোগের জন্য নির্মিত বেইলি সেতুটি সংস্কার করা হবে। পাশাপাশি এখানে নতুন করে গার্ডার সেতু নির্মাণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নিষিদ্ধ আ. লীগের হামলা, বিএনপির ৪ নেতাকর্মী আহত