২৭ দিন পর সিইউএফএলে আবার উৎপাদন শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

২৭ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু হয়েছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) কারখানায়। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি বন্ধ ছিল। গতকাল শুক্রবার ভোরে কারখানাটিতে পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু হয়। দৈনিক ১ হাজার টনের বেশি ইউরিয়া উৎপাদিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানায়, দেশের ইউরিয়া সার উৎপাদনের অন্যতম কারখানাটি যান্ত্রিক ত্রুটির কারণে ১৭ অক্টোবর রাতে বন্ধ হয়ে যায়। প্রায় ২৭ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে কারখানাটি আবার চালু হলো। বিভিন্ন সময় কারখানাটি গ্যাসের অভাবে বন্ধ থাকে। তবে বর্তমানে গ্যাস সরবরাহের সংকট নেই। প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে সময় লেগে যায়। কারখানাটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় রয়েছে। এর মধ্যে গ্যাসের অভাবসহ নানা কারণে বন্ধ থাকার কারণে কারখানার অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সিইউএফএল কারখানার কন্সট্রাকশনের কাজ শুরু হয় ১৯৮৫ সালের অক্টোবরে। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কারখানাটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে। ১৯৮৮ সালের ফেব্রুয়ারি থেকে সিইউএফএল বাণিজ্যিক উৎপাদনে যায়।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই বই বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের