আগাম প্রতিরোধই দেবে ডায়াবেটিসের সুরক্ষা

অধ্যাপক ডা. ফারহানা আক্তার | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

নাসরিন আক্তার, বয়স ৪০ এর কোঠায়, বারংবার শরীরের বিভিন্ন জায়গায় ফোঁড়া দেখা দিচ্ছে। ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক নিজেই কিনে খান, ফোঁড়া ভালো হয়, আবার আসে। বিশেষজ্ঞ চিকিৎসক ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দিলেন। রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ!

এতবেশী মাত্রা আগে দেখেন নি। আসলে এমন অনেক রোগীই আসেন, যাঁরা অন্য কোনো সমস্যা নিয়ে এসে পরীক্ষায় জানতে পারেন যে বহু বছর ধরেই তাঁর ডায়াবেটিস আছে। ততদিনে কারও চোখের পর্দায় ক্ষতি শুরু হয়ে গেছে, কারও কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। দৃশ্যটা আমাদের কাছে খুবই পরিচিত সংখ্যাগুলো একবার দেখা যাক। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৪ সালের হিসাবে দেশের প্রাপ্তবয়স্কদের ১৩.২ শতাংশ, অর্থাৎ প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০০০ সালে এই সংখ্যা ছিল ১৮ লাখের কাছাকাছি। বর্তমান ধারা চলতে থাকলে ২০৫০ সালে এটি ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। আরও উদ্বেগের কথা, আক্রান্তদের প্রায় ৩৯ শতাংশ জানেনই না যে তাঁদের রোগটি আছে। এর বাইরে প্রায় ১ কোটি ৪৫ লাখ মানুষ ডায়াবেটিসের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। এখনই সতর্ক হলে এদের অনেকেই রোগটি এড়াতে পারবেন।

কেন এমন হচ্ছে, তার উত্তর একটি নয়। জিনগতভাবেই আমাদের শরীরে ইনসুলিন তুলনামূলক কম কাজ করার প্রবণতা আছে। তার ওপর যোগ হয়েছে ভাত–মিষ্টিনির্ভর খাওয়াদাওয়া, প্রক্রিয়াজাত খাবার আর ঠাণ্ডা পানীয়ের বাড়তি চল, হাঁটাচলা কমে যাওয়া এবং তামাকের ব্যবহার। একটা ভুল ধারণা বিশেষভাবে ভাঙা দরকার। ডায়াবেটিস শুধু মোটা মানুষের রোগ নয়। আমাদের দেশে কম ওজনের মানুষও আক্রান্ত হন, বিশেষ করে যাঁদের পেটের চারপাশে ও গুরুত্বপূর্ণ অরগানগুলোয় চর্বি জমে। আর আগে যে রোগকে মধ্যবয়সের রোগ ভাবা হতো, তা এখন তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে।

রক্তে শর্করা অনেক দিন নিয়ন্ত্রণের বাইরে থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো, এমনকি পায়ের ক্ষত থেকে অঙ্গ কেটে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এসব চিকিৎসার খরচ সামলাতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। অথচ নিয়মিত পরীক্ষা আর সময়মতো চিকিৎসা হলে বেশিরভাগ জটিলতাই ঠেকানো যায়।

তাই প্রথম কথা, পরীক্ষা করতে হবে। বয়স ৩৫ পেরোলে, অথবা তার আগেও পরিবারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা বাড়তি ওজনের ইতিহাস থাকলে বছরে অন্তত একবার রক্তে শর্করা মাপানো উচিত। গর্ভকালীন ডায়াবেটিসের হার আমাদের দেশে প্রায় ১৮.৫ শতাংশ, তাই অন্তঃসত্ত্বা মায়েদের জন্য এই পরীক্ষা আরও জরুরি। জীবনযাত্রার ছোট পরিবর্তনও অনেক কাজে দেয়। রোজ আধঘণ্টা হাঁটুন, ভাত পরিমিত খান, শাকসবজি আর ডাল বেশি করে খান, মিষ্টি ও কোমল পানীয় এড়িয়ে চলুন। পরিবারের একজন আক্রান্ত হলে পুরো পরিবার একসঙ্গে খাদ্যাভ্যাস বদলালে পরিবর্তনটা টেকসই হয়।

রোগ ধরা পড়ার পরও অনেকে ভুল ধারণা আর হাতুড়ে ও চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হন। ‘ইনসুলিন একবার নিলে আর ছাড়া যায় না’ কিংবা ‘ভেষজ খেলেই ডায়াবেটিস সেরে যায়’, এসব কথা বিপজ্জনক। ইনসুলিন নিতে দেরি করলে জটিলতাই বাড়ে। ডায়াবেটিস সারে না, নিয়ন্ত্রণে রাখা যায়। সুগার কমে গেছে ভেবে নিজে থেকে ওষুধ বন্ধ করা ঠিক নয়। এ ক্ষেত্রে আমাদের চিকিৎসকদেরও দায়িত্ব আছে। কেবল প্রেসক্রিপশন দিলেই হবে না, রোগীকে বুঝিয়ে বলতে হবে কী খাবেন, কীভাবে ইনসুলিন নেবেন, পায়ের যত্ন কীভাবে নেবেন।

ব্যক্তি আর চিকিৎসকের উদ্যোগ যথেষ্ট নয়, রাষ্ট্রের ভূমিকাও দরকার। উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে যেন ডায়াবেটিসের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা মেলে, ইনসুলিনসহ প্রয়োজনীয় ওষুধ যেন সাধ্যের মধ্যে থাকে, তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিন জীবন রক্ষাকারী, তাই ইনসুলিন পাওয়া তার অধিকার, যা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। খাবারের মোড়কে পুষ্টিতথ্য স্পষ্ট করে লেখা, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় নিয়ে কঠোর নীতি, শহরে হাঁটার পথ ও খেলার মাঠ রাখা, স্কুলের ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার, এগুলোও প্রতিরোধেরই অংশ। গণমাধ্যম, শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিরা সঠিক তথ্য ছড়িয়ে দিলে গ্রামের মানুষের কাছেও বার্তাটা পৌঁছাবে।

ডায়াবেটিস হলেই জীবন থেমে যায় না। যাঁরা নিয়ম মেনে চলেন, তাঁদের অনেকেই বছরের পর বছর সুস্থ ও কর্মক্ষম থাকেন। কিন্তু সেই সুযোগ পেতে হলে আগে রোগটা জানতে হবে। একটি রক্ত পরীক্ষা, একটু সচেতনতা আর পরিবারের সবাইকে নিয়ে স্বাস্থ্যকর অভ্যাস গড়ার চেষ্টা, এখান থেকেই শুরু হতে পারে আমাদের প্রতিরোধ।

লেখক : বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

পূর্ববর্তী নিবন্ধতরুণরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে
পরবর্তী নিবন্ধ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই বই বিতরণ