কসাইকে মদসহ পুলিশে ধরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যুবককে ছুরিকাঘাত

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বেলাল উদ্দিন (২৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত বেলাল উদ্দিন ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। তিনি ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিবিরহাট বাজারে অবস্থানকালে অতর্কিত হামলার শিকার হন বেলাল। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তিনি নিজের ফেসবুক পেজে লাইভে আসেন। সেখানে তাকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসুর ভাই তাকে ছুরিকাঘাত করেছেন। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, আলম নামের এক কসাইয়ের ছুরিকাঘাতে বেলাল আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর আগে অভিযুক্তকে মদসহ পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত থেকে শতাধিক চৌকি উচ্ছেদ