বাঁশখালীর পুঁইছড়িতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে সাত মাস বয়সি যমজ দুই কন্যাশিশুর লাশও উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্যদিকে জাহেদের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর থেকে বিকাল ৩টার মধ্যে পুঁইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় নিহত জাহেদ হোসেনের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহেদ চাম্বল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বাসিন্দা এবং চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষ থেকে তার সাত মাস বয়সি দুই কন্যাশিশু জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস আগে পারিবারিক সম্মতিতে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের (২৫) সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তারা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। পরে স্ত্রীকে নিয়ে আফিয়ার বাবার বাড়িতে থাকতে শুরু করেন জাহেদ।
ঘটনার দিন আফিয়া বেগম তার মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাপোড়ার ভিলেজার পাড়া মসজিদে মানত পূরণ করতে যান। এ সময় দুই শিশুকে সঙ্গে নিতে চাইলে তাদের বাবা জাহেদ নিজেই দেখাশোনা করবেন বলে জানান। পরে আফিয়া শিশুদের জন্য দুধ তৈরি করে বাড়ি থেকে বের হন।
আফিয়া বেগম স্থানীয় সংবাদকর্মী ও পুলিশকে জানান, বিকালে সন্তানদের খোঁজ নিতে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি। পরে বেলা ৩টার দিকে বাড়িতে ফিরে প্রধান ফটক বন্ধ দেখতে পান। ফটক খুলে ভেতরে প্রবেশ করে বাড়ির সামনের ও পেছনের দরজাও বন্ধ দেখতে পান। এরপর ঘরের ভেতরে গিয়ে মর্মান্তিক এ ঘটনা দেখতে পান।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষে জাহেদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। দরজার পাশের বেড়া কেটে হুক খোলা হয়। এ সময় ঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহেদকে এবং একই কক্ষের খাটের পাশে মাটিতে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশুদের শরীরে বাহ্যিক কোনো বড় আঘাতের চিহ্ন না থাকায় বালিশ চাপা বা শ্বাসরোধে হত্যার প্রাথমিক ধারণাকে শতভাগ নিশ্চিত করতে ফরেনসিক রিপোর্টের ওপর জোর দিচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং চিরকুটের সত্যতা যাচাইয়ের পর এটি হত্যা ও আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে তা পরিষ্কার হবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, জাহেদ একসময় বিদেশে ছিলেন। এর আগেও বিয়ে করেন। কিন্তু সে সংসারে কোনো ছেলেমেয়ে ছিল না। আগের বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।
এদিকে একই বাড়ি থেকে পিতার ঝুলন্ত মরদেহ ও দুই অবুঝ শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের অপেক্ষা করছেন স্বজন ও স্থানীয়রা। রাত ১১টা পর্যন্ত থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছিল। নিহত পিতা ও দুই জমজ শিশু কন্যার লাশ অ্যান্বুলেন্সে থানায় রাখা ছিল। সকালে চমেক হাসপাতালে প্রেরণ করা হবে বলে থানার অপারেশন অফিসার (এসআই) মো. আরিফ হোসেন জানান। তিনি বলেন, ঘটনার ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে একটা অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহেদ আত্মহত্যার আগে শিশু দুটিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তিনি জানান, জাহেদের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়টি প্রকাশ করা হচ্ছে না।












