চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার মাধ্যমে নিজেকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করাই প্রত্যেক শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত।
গতকাল শুক্রবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে ডাক দিয়ে যাই সংগঠনের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি–২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার শুধু শিক্ষাবান্ধব নয়, জনবান্ধব সরকারও। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। তাই জনগণ কীভাবে ভালো থাকবে, কীভাবে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং কীভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, আইনশৃঙ্খলাসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সম্মিলিতভাবে কাজ করে যাবে।
আবু সুফিয়ান বলেন, আজ যারা নবীন শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবনে প্রবেশ করেছেন, তাদের প্রতি প্রত্যাশা থাকবে, তারা যেন শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রাখেন। বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তিনি আরও বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই, যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ। দেশের প্রতিটি নাগরিক হৃদয়ে উন্নত বাংলাদেশের স্বপ্ন ধারণ করবেন এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে বলতে পারবেন, আমরা একটি উন্নত বাংলাদেশের নাগরিক। এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, সদস্য আনোয়ার হোসেন লিপু, অধ্যাপক শামীম কবির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, সদস্য দেলোয়ার হোসেন শিশির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ডাক দিয়ে যাই এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, চট্টগ্রাম অঞ্চল সভাপতি ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কলেজ বাউবি সভাপতি আশরাফুল ইসলাম শাকিল, হাজেরা তজু কলেজ ছাত্রদলের সভাপতি মো মামুন, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ভূইয়া, আব্দুল্লাহ আল মামুন, নাঈমুল ইসলাম, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, পায়েল, রমজান আলী সাগর, হাসান, সাকিব, মিরাজ, খোরশেদ আব্বাস, রুবেল, ইমন, নেয়ামত, মোহন, মেহেদীসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











