সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, লুটপাট

জায়গা নিয়ে দ্বন্দ্বে এ হামলার ঘটনা, বলছে পুলিশ, গ্রেপ্তার ৩

আজাদী ডেস্ক | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’–এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, হামলাকারীদের নিশানায় ওই স্টুডিও ছিল না; জায়গা নিয়ে দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে।

ব্রাউনফিশে ও আশপাশে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি বলে ভাষ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। স্টুডিও ভাঙচুর নিয়ে সালমান ফেইসবুকে যে লাইভটি করেছেন সেটি বিতর্কের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। খবর বিডিনিউজের।

ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হক বলেন, সেখানে জায়গা নিয়ে ঝামেলার কারণে এক পক্ষ মধ্যরাতে জায়গা দখল করতে যায়। এ সময় টিনশেড ঘরে ভাড়া থাকা স্টুডিওটি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতের বেলা ব্রাউনফিশ স্টুডিওতে দুজন ছিলেন।

ঘটনার বর্ণনায় তাদের একজন বলেন, ১০০–১৫০ জনের মতো লোক এসে শাটারগুলো কোপানো শুরু করে। ওরা খুব দ্রুত ভেতরে চলে আসছে। আসার পর সবকিছু ভাঙচুর করছে। এখানে মালামাল যা ছিল সবকিছু নিয়ে নিয়ে গেছে। আর যেটা নিতে পারে নাই, সেটা ভেঙেচুরে রেখে গেছে। আমরা ওয়াশরুমের মধ্যে লুকায়ে ছিলাম। পরে ওইখানে দুইজন গেছে, ওদের হাতে এরকম বড় সাইজের চাপতি ছিল, গান ছিল। ওরা গিয়েই বলতেছে, তোমাদের কাছে যার কাছে যা আছে, ওটা দিয়ে দাও। ফোন নিছে, মানিব্যাগ, যার কাছে যা ছিল সবকিছুই নিয়ে গেছে। ওরা মনে করেন ছোট ছোট কাপড়ের টুকরাও রাখে নাই, সবগুলাই নিয়ে গেছে।

ঘটনার পরে স্টুডিওতে আসা সালমান মুক্তাদির বলেন, একটা শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০–৪০টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হতে পারে, এটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়… আমি ভাবছিলাম আমার প্রতি শত্রুতা, বাট দেখলাম যে পুরা প্রজেক্টেই ওরা হামলা করছে। সো প্রজেক্ট রিলেটেড কিছুই হইছে, এতটুকু আমি শিওর।

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি আবাসন প্রকল্পটি প্রায় ৫ বিঘা জমির ওপর গড়ে উঠছে। নিউ গিটি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া রাতে বলেন, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম চাঁদাবাজি, হুমকি–ধমকি, জমি দখলসহ নানান ধরনের কর্মকাণ্ড আমাদের সাথে করে আসতেছে। হামলাকারীরা নিউ গিনি প্রোপার্টিজের প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেন তিনি।

সালমান মুক্তাদির সাংবাদিকদের বলেন, এটা ভাঙচুর না, এটা হচ্ছে পুরোপুরি রবারি, চাঁদাবাজি, ডেস্ট্রাকশন, বাংলাদেশের কমন, তো বেকারত্ব যখন আপনি দূর করতে পারবেন না, যখন আপনার ল অ্যান্ড অর্ডারস থাকবে না, এটাই এন্ড রেজাল্ট। লাকিলি আমার পক্ষে এটা কোপ–আপ করা সম্ভব। আমি সব সময় নিজের দমে কাজ করে আসছি, সেইম জিনিস আমি করব, আমাকে এটা ভাঙতে পারবে না, দ্যাটস দ্যা ফার্স্ট থিং। বাট টেনশন হচ্ছে যে আমার মতো এ রকম মনোবল নিয়ে কয়জন আগাইতে পারবে?

আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি অবশ্যই এগুলো ভিডিও হয়তো দেখেন। উনাকে যদি কিছু বলা হয়, আমি জানি না উনি কতদূর স্বীকার করেন। বাট উনার প্রতি আমার আসলে কোনো রাগ নাই, কোনো কমপ্লেইন নাই, কোনো চাহিদা নাই। বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার যা করার কথা, উনি ভালো করেই জানেন। আর উনি কতদূর করছেন সেটাও অবশ্যই আমরা দেখতে পারি সবাই, এটা তো আমি বলার কেউ না। আপনারা আছেন, দেশবাসী আছে, তারাই কমেন্টে বলে দিতে পারবে যে উনি কত ভালো কাজ করছেন। আর আমার মুখ থেকে আসলে বলার মতো আর কিছু নাই।

সুস্পষ্ট কারণ জানে না পুলিশ : হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি বলে ভাষ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। পুলিশের প্রাথমিক ধারণা, নিউ গিনি প্রপার্টিজের জমি নিয়ে দ্বন্দ্ব থেকে এ হামলা হয়ে থাকতে পারে। তবে কাদের মধ্যে সেই বিরোধ তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। গতকাল নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম। তিনি বলেন, গতরাতে একদল লোক দলবদ্ধভাবে এসে সেখানে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি, পরিদর্শক তদন্ত, পরিদর্শক অপারেশনসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তিনজনকে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে। আমাদের আরও টিম কাজ করছে। আশা করি এই ঘটনায় যারা জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনতে পারব। গ্রেপ্তার তিনজন হলেন মামুন, আসলাম ও মুন্না।

ফেইসবুক লাইভের বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে : স্টুডিও ভাঙচুর নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ফেইসবুকে যে লাইভটি করেছেন, সেটি বিতর্কের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে ভদ্রলোক ফেইসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এই লাইভ বিতর্কের জন্ম দিয়েছে।

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তাদিরের লাইভে তোলা অভিযোগের বিষয়ে মন্ত্রী কথা বলছিলেন। তিনি বলেন, তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলে দিতেন। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে, এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।

তিনি বলেন, আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে গণতন্ত্র, বাক স্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক যিনি অভিযোগটা ফেইসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনাটায় তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি।

মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার : স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সালমান মুক্তাদির, সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা না করা ও টুকটাক ভাঙচুর মন্তব্যের সমালোচনা করে বলেছেন, আপনার মধ্যে কি একটু লজ্জা কাজ করে? আপনার প্রধানমন্ত্রীর আসন থেকে এ রকম একটা কিছু হইল, আপনি কি বুঝতেসেন যে কতটুকু ডাউন হয়ে গেল যে বিএনপি সরকারের চোখের সামনে তার মাননীয় প্রধানমন্ত্রীর আসনে এই ঘটনা ঘটছে, বুঝতেসেন জিনিসটা কত ইয়ে? পাঁচ মিনিট হাঁটার সামনে ক্যান্টনমেন্ট। আপনি কি বুঝতে পারতেছেন যে আপনাকে কেন আঙুল তোলা হইছে? বুঝেন নাই মনে হয়।

অসংলগ্ন কথাবার্তা বলা পাটওয়ারীর অভ্যাস : অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর অভ্যাস বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের শেষ দিকে ঢাকায় ঘনঘন ককটেল বিস্ফোরণের বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপি নেতা পাটওয়ারীর নাম না নিয়ে বলেন, আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা অ্যানালাইসিস করুন।

পূর্ববর্তী নিবন্ধপ্ল্যাকার্ডে ‘৫৬’, শিক্ষার্থীদের প্রশ্নযাত্রা
পরবর্তী নিবন্ধকালুরঘাট শিল্পনগরীতে চুরি-ছিনতাইয়ের ‘মূল হোতা’ রুবেল গ্রেপ্তার