চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং রসায়নে চলতি বছর নোবেল পুরস্কারপ্রাপ্তদের গবেষণা ও আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে নোবেল বিজ্ঞান বক্তৃতা। গত ১২ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী, তরুণ গবেষক ও বিজ্ঞানপ্রেমীর অংশগ্রহণে সৃষ্টি হয় বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার এক মিলনমেলা।
দৃষ্টির আয়োজনে এবং চট্টগ্রাম জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এ আয়োজনে নোবেলজয়ীদের গবেষণা, আবিষ্কারের বৈজ্ঞানিক তাৎপর্য এবং মানবসভ্যতায় এর প্রভাব নিয়ে আলোচনা, পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। বক্তব্য দেন দৃষ্টির সাবেক সভাপতি সাইফ চৌধুরী, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, দৃষ্টির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংবাদিক মিনহাজুল ইসলাম, অনুষ্ঠানের যুগ্ম সমন্বয়কারী জুয়েল আহমেদ, অ্যাডভোকেট তানভীর আল জাবের এবং সাংবাদিক মুজিবুল হক। এতে আলোচক ছিলেন– স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. হাসিনা খান, চবি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রেজাউর রহমান এবং চুয়েটের রসায়ন বিভাগের শিক্ষক ড. রাতুল কুমার শীল।
চিকিৎসাবিজ্ঞানের আলোচনা পর্বে অধ্যাপক ড. হাসিনা খান বলেন, চিকিৎসাবিজ্ঞানে কার্ল ডেইসারথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল আলো ব্যবহার করে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতির নাম অপটোজেনেটিকস। এর মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষ সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায়। ফলে মানুষের স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে পারকিনসনস, মৃগী ও বিষণ্নতার মতো রোগের চিকিৎসা উদ্ভাবনেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পদার্থবিজ্ঞানের আলোচনা পর্বে অধ্যাপক ড. এ কে এম রেজাউর রহমান বলেন, মহাকাশ থেকে আসা নিউট্রিনো নামের অতিক্ষুদ্র কণা শনাক্ত করার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রান্সিস হালজেন নোবেল পুরস্কার পেয়েছেন।
রসায়নের আলোচনা পর্বে ড. রাতুল কুমার শীল বলেন, অণুর নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও তার গঠনপ্রক্রিয়া নিয়ে গবেষণা রসায়নবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ ধরনের গবেষণা অণুর গঠন ও বৈশিষ্ট্য বুঝতে সহায়তা করে। এর প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে আরও নিরাপদ ও কার্যকর ওষুধ তৈরি এবং কৃষিতে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, বিজ্ঞান শুধু গবেষণাগার কিংবা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব মানবজীবনের প্রতিটি স্তরে বিস্তৃত। তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক যুক্তিবাদ, অনুসন্ধিৎসু মন এবং গবেষণার আগ্রহ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইফ চৌধুরী বলেন, চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন রোগ নিরাময়, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে। বাংলাদেশের তরুণেরাও জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে ভবিষ্যতে বিশ্বমানের আবিষ্কারে অবদান রাখতে সক্ষম হবে।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. আদনান মান্নান বলেন, যারা ভবিষ্যতে বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃত্ব দেবে, সেই তরুণদের জন্য এ ধরনের আয়োজন অনুপ্রেরণার এক বিশাল উৎস। গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানবকল্যাণে বিজ্ঞানের প্রয়োগ–নোবেলজয়ীদের কাজের এই দুই দিকই আমাদের নতুন করে ভাবতে শেখায়।
সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, দৃষ্টি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে তরুণদের মেধা, মনন, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে জানুক, প্রশ্ন করতে শিখুক এবং গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী হয়ে উঠুক।
এবারের আয়োজনে চট্টগ্রামের ১১টি বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সংগঠন সহ–আয়োজক হিসেবে যুক্ত ছিল। শেষ পর্বে অতিথিরা স্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজে স্কুল পর্যায়ে চাম্পিয়ন হয় সহজপাঠ ফুলকি এবং কলেজ পর্যায়ে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। পোস্টার প্রদর্শনীতে বিজয়ী হয় চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চুয়েটের বায়মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চবি রসায়ন বিভাগ। বিচারকের দায়িত্বে ছিলেন ড. সুমিত মজুমদার, ড. অরুপ রায়, অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, আরিফ খান, সিরাতুল কুবরা সিফাত। প্রেস বিজ্ঞপ্তি।










