বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ডায়াবেটিস মেলার তৃতীয় দিনে পুরস্কার বিতরণী, মনোমুগ্ধকর ম্যাজিক শো ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে মেলার তৃতীয় দিনের কর্মসূচিতে অভিভাবকদের ডায়াবেটিক স্বাস্থ্য সচেতনতামূলক কুইজ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া ও আমন্ত্রিত অতিথিরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, এবার ডায়াবেটিস হাসপাতালের আয়োজন অত্যন্ত চমৎকার হয়েছে। দেশের সাধারণ মানুষ যেন মানসম্মত চিকিৎসাসেবা পায়, সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল। রোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন জানান, “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১ নভেম্বর থেকে চার দিনব্যাপী এই ডায়াবেটিক মেলার কার্যক্রম শুরু হয়েছে। মেলায় স্বাস্থ্য সচেতনতামূলক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিস পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের স্টলে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বল্পমূল্যে এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, ডায়াবেটিস স্ক্রিনিং এবং ডায়াবেটিক ফুটসহ হাত–পায়ের যত্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সহযোগী অধ্যাপক শারাদ দাশ, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ডা. রাশেদ বেগম, ডা. শাহ মোহাম্মদ মঈন উদ্দিন, ডা. সুদীপ্ত নন্দী, ডা. নাসির উদ্দিন, ডা. হাসান জুয়েল ও ডাক্তার শহীদুল্লাহ প্রমুখ।












