ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত লেজার স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদান করে।
কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, যা কার্যকর ও নিরাপদ গতিসীমা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে ক্যামেরা ব্যবহারের অনুশীলন করেন এবং ক্যামেরার সাধারণ রক্ষণাবেক্ষণ ও সমস্যাসমূহ সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি সড়কে ক্যামেরার ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমঙ এবং পিটার জোন্স কর্মশালা পরিচালনা করেন।
শেষ দিনে সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত সেফ সিস্টেম পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং রোড ক্রাশে গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা যানবাহনে গতিসীমা নিয়ন্ত্রণে প্রযুক্তি ও সড়কে চেকপয়েন্ট পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার কর্মশলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) মো. লিয়াকত আলী খান।
উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো–অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো–অর্ডিনেটর সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সড়কে আইন প্রয়োগে নতুন প্রযুক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরীর সড়কগুলোতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী রোড ক্র্যাশ প্রতিরোধে সহায়ক হবে।










