লালখান বাজারে ফ্লাইওভার থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত সেই যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে ফ্লাইওভার থেকে পড়ে সে গুরুতর আহত হয়।

মেহেদী হাসান নামে (৩৫) নামে ওই যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার সুলতান শিকদারের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাতে সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন আজাদীকে বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি তবে উড়াল সড়ক থেকে নিচে পড়েছেন, নাকি ওখানেই পড়ে ছিলেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব তারেক রহমানের
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে রাতের আঁধারে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি