সাউদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা উন্নয়ন মেলা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন : ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে একাডেমিক কোর্সের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। অতিথি উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলার প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ

প্রবন্ধে অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ বলেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ক্রমবর্ধমান জ্ঞানভিত্তিক বিশ্বে সৃজনশীল ধারণাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরের সক্ষমতা ব্যক্তিগত সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য। একটি ধারণা তখনই প্রকৃত মূল্য অর্জন করে, যখন তা মানুষের বাস্তব চাহিদা পূরণ, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ কর্ণফুলী আবাসিকে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব প্রকল্প