৩ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করবে সিএমপি

পাইলট প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছেন ২৮জন পুলিশ সদস্য । আইন অমান্যকারীকে তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে

মোরশেদ তালুকদার | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সড়ক নিরাপত্তা নিশ্চিতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে নগরের ৩টি সড়কে পাইলট প্রকল্প শুরু করবে সিএমপি। সড়কগুলো হচ্ছে– বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক। এ লক্ষ্যে সিএমপির ২৮ জন সদস্য প্রশিক্ষণও নিয়েছেন। সিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে ২০২৪ সালের ৭ মে গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে মহাসড়ক, শহর এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা সংলগ্ন সড়কের জন্য গতিসীমা নির্ধারণ করা হয়।

অভিযোগ আছে, সেই নির্দেশনা মানছেন না যানবাহন চালকরা। একইসঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিংও ‘দুর্বল’ বলে অভিযোগ আছে। অথচ কেউ গতিসীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন–২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে আইন অমান্যকারীকে তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এ অবস্থায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অনুমোদিত গতিসীমা প্রয়োগে পাইলট প্রকল্পটি হাতে নেয় সিএমপি।

জানা গেছে, গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্পটি বাস্তবায়নে সিএমপিকে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) সিএমপি’কে ৭টি সাতটি লেজার স্পিড ক্যামেরা দেয়া হয়েছে। জিআরএসপি স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, ৮টি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, ৮টি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং ৮টি বহনযোগ্য ক্যানভাস তাঁবুও দেয়া হয়।

এছাড়া গত মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার তিনদিনের প্রশিক্ষণ দেয়া হয় সিমএপি’র ২৮ জন সদস্যকে। প্রশিক্ষণের শেষ দিন গতকাল বিকেলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে আলাদা আলাদা চেকপয়েন্ট বসানো হয়। এসময় তারা স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট স্থাপন ও পরিচালনার অনুশীলন করেন। বিআইজিআরএস–এর এনফোর্সমেন্ট কো–অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিআরএসপি’র পক্ষ থেকে পাওয়া সাতটি ক্যামেরা সড়কে যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগের ফলে আরও নিয়মতান্ত্রিকভাবে গতিসীমা পর্যবেক্ষণ ও প্রয়োগ সম্ভব হবে, যা চট্টগ্রামের সকল সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা উন্নয়নে অবদান রাখবে।

গতি নিয়ন্ত্রণ কেন জরুরি : গত বছরের (২০২৫) নভেম্বর মাসে চট্টগ্রাম শহরে সড়ক ব্যবহারে আচরণগত ঝুঁকি পর্যবেক্ষণে পরিচালিত এক জরিপে বলা হয়, গতিসীমা লঙ্ঘন করায় নগরে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোাবাল রোড সেইফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় জেএইচ–আইআইআরইউ ও সিআইপিআরবি চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট প্রকাশ করে।

তাদের ২০২১–২৩ সালের রির্পোট অনুযায়ী, বৈশ্বিক মানদণ্ড বিবেচনায় শহরের ৩৪ শতাংশ যানবাহনই নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেছে। লোকাল ও কালেকটর রোডে ৪৫ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা অমান্য করে। নগরে চলাচলকারী ৭০ শতাংশ মোটরসাইকেল চালক গতিসীমা অমান্য করে। এছাড়া নগরের সড়কগুলোতে চলাচল করা ৪৪ শতাংশ যানবাহনই বিআরটিএ নির্ধারিত গতিসীমা মেনে চলে না। সপ্তাহের কর্ম দিবসের তুলনায় ছুটির দিনে গতিসীমা লঙ্ঘনের হার বেশি। কর্ম দিবসে গতিসীমা লঙ্ঘনের হার ৪২ শতাংশ হলেও ছুটির দিনে তা বেড়ে দাঁড়ায় ৪৭ শতাংশে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আজাদীকে জানান, অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই রপ্তানি চালানে অনিয়ম, দেড় কোটি টাকার শুল্ক ও কর ফাঁকি
পরবর্তী নিবন্ধজলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব তারেক রহমানের