প্যাকিং ও র‌্যাপিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

আজাদী প্রতিদেন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‌্যাপিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন সমন্বিত একটি প্ল্যান্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য জানানো হলেও বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত হয়েছে। আমদানি ঘোষণায় চালানটি ছয়টি প্যাকেজে দেখানো হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার মিরপুরের আমদানিকারক জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে (সি–১৩২১৮৭৮) পণ্যটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে প্যাকিং ও র‌্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছে। সিআইআইডির পরীক্ষায় চালানে পাওয়া যায় এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‌্যাপিং মেশিন, এসএএসআইবি বঙার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‌্যাপার বা সেলোফেন ওভারর‌্যাপার। অর্থাৎ, চালানে প্যাকিং সরঞ্জামের পাশাপাশি সিগারেট তৈরির মূল মেশিনও রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অন্যদিকে সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে এই মূল্য প্রাথমিক ও তুলনামূলক; মেশিনের মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক–কর নির্ধারণ করা যাবে। আমদানি নথি অনুযায়ী চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এঙপ্রেস লজিস্টিকস লিমিটেড।। সিআইআইডির তথ্যপত্র অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ। সিআইআইডির পর্যবেক্ষণ, সিগারেট তৈরির মেশিন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া সমীচীন। এ ধরনের যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন। অধিদপ্তরের মতে, এই সংশ্লিষ্টতার বাইরে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার হলে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি থাকে। এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীদের ব্যবসায়িক ক্ষতি এবং সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির সঠিকতা, সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক–কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ের বিষয়টি বিস্তারিত তদন্তের পর সকলকে জানানো হবে। সিগারেট খাতের সঠিক রাজস্ব আদায় এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আবারও হোটেলে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে এড়ানো গেল ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়লো ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা