চট্টগ্রাম থেকে অস্ত্র কিনে বাসে করে নোয়াখালী যাওয়ার পথে নগরীর সিটি গেট এলাকায় চেকপোস্টে তল্লাশিতে ধরা পড়েছে ওমর ফারুক (৪২)। এসময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গত ১১ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিটে দুটি দেশীয় তৈরি অস্ত্রসহ আটকের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। থানায় নেয়ার পর ‘দুটি অস্ত্র নিয়ে কী করবেন? ডাকাতি করবেন? পুলিশের এমন প্রশ্নের জবাবে আটক যুবক বলেন, আমি ডাকাতি করি না। এলাকায় খবর নিতে পারেন।
থানায় নেওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি অনেকে শেয়ার করেছেন। আটক ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়নারায়ণপুর এলাকার আবুল আজাদের ছেলে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ তাকে অস্ত্র দুটি ফিটিং করে দেখাতে বলে। জবাবে ওমর ফারুক বলেন, আমি ফিটিং করতে জানি না। ওরা যেভাবে দিয়েছে, সেভাবেই নিয়ে যাচ্ছি। এলাকায় গিয়ে কাউকে দিয়ে অস্ত্র ফিটিং করিয়ে নিতাম। এ সময় পুলিশ তাকে প্রশ্ন করে, দুটি অস্ত্র নিয়ে কী করবেন ? দুটি দুই হাতে চালাবেন? জবাবে তিনি বলেন, দুইটাই একসঙ্গে কিনছি, নিজের জন্য। এলাকায় গিয়ে কিছু একটা করতাম। এখন তো আর পারলাম না।











