সংখ্যাধিক্য নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মতবিনিময় সভায় মনজুর আলম

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জামেয়ার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভীর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে মাদরাসার চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম (মনজু) বলেন, আমরা সবাই মিলে এক পরিবার। আমাদের রণক্ষেত্রের সৈনিক আপনারা। সংখ্যাধিক্য নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগ দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাহমুদ নেওয়াজ এবং ক্যাবিনেট মেম্বার মোহাম্মদ হোসাইন খোকন। এছাড়াও উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলীসহ জামেয়ার শতাধিক শিক্ষক এই মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় চেয়ারম্যান শিক্ষকদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এর মধ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষক সংকট নিরসন, দক্ষতা বৃদ্ধি ও সুযোগ–সুবিধা নিশ্চিতকরণ, বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন এবং সিলসিলার মিশন বাস্তবায়নে কাজ করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ স্থাপন এবং চেইন অব কমান্ড যথাযথভাবে অনুসরণের বিষয়েও তিনি তাগিদ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষকগণ হলেন মানুষ তৈরির কারিগর। আপনাদের কাঙ্ক্ষিত সুযোগ–সুবিধা প্রদান করা হবে, তবে এর মানসম্মত ফলাফলও আমরা দেখতে চাই।

তিনি আরও জানান যে, অধ্যক্ষ শিক্ষকদের সাথে নিয়মিত বসে সমস্যা নিরসন ও সমাধানের বিষয়ে আলোচনা করবেন এবং যেকোনো সমস্যা সমাধানে গভর্নিং বডি ও আনজুমান সব ধরনের সহযোগিতা প্রদান করবে। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন লাইটার জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা