দক্ষিণ রাঙ্গুনিয়ায় স্বস্তি ফেরাতে প্রশাসনের সাঁড়াশি অভিযান

আটক ৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির আতঙ্ক দূর করে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ি জনপদে জননিরাপত্তা নিশ্চিত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই চিরুনি অভিযানে সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেনের নেতৃত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা–পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল পদুয়া, শিলক, কোদালা, সরফভাটার কাইন্দারখুল, ছৈয়দুরখীল, মীরেরখীল ও পদুয়ার মোবারক টিলার মতো দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে এ তল্লাশি অভিযান চালায়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ৬ জনের পরিচয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি বর্তমানে যাচাই–বাছাই করা হচ্ছে। সন্ত্রাসী চক্রের সঙ্গে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, মোবারক টিলা ও এর আশপাশের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে এই সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ভেসে উঠল ৭ থেকে ৮ মণ মাছ