সরকারি চাকরিজীবীদের অবসর–পরবর্তী পেনশনে বড় পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। গতকাল গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ বিধান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। খবর বাংলানিউজের।
রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. ফেরদৌস আলম যুগ্মসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৬ সালের ৩০ জুনে একজন পেনশনভোগী যে পরিমাণ নিট পেনশন পেতেন, তার ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এতে যাদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৬৫ শতাংশ। এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ পেনশন বাড়বে।
তবে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি স্তরে সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন হবে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের সর্বোচ্চ ৩৫ হাজার টাকা, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৪৯ হাজার টাকা এবং ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা।










