পতেঙ্গায় সাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়ার গোল্ডেন ব্রিজ এলাকায় সাইকেল চুরির অভিযোগে মো. মোবারক (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকার গোল্ডেন ব্রিজ সংলগ্ন খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রধান আসামি মো. মুসা (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর তিন আসামি তার ছেলেরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, গণপিটুনিতে নিহত মো. মোবারক চরপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে। তারা আগে লালদিয়ার চরে থাকত। সেখান থেকে উচ্ছেদ হওয়ার পর বর্তমানে চরপাড়া নানার বাড়িতে থাকে।

পতেঙ্গা থানার এসআই সাহাব উদ্দিন জানান, পতেঙ্গা চরপাড়া এলাকার গোল্ডেন ব্রিজ সংলগ্ন এলাকায় মোবারককে সাইকেল চুরির অভিযোগে মুসা ও তার তিন ছেলে মিলে মারধর করে। এসময় ঘটনাস্থলে মোবারক নামে ওই যুবক মারা যায়। এই ঘটনায় পরপরই এলাকার প্রায় দুই থেকে তিনশ লাকজন জড়ো হয়ে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনায় অভিযুক্ত মুসা ও তার তিন ছেলেকে আসামি করে মামলা করা হয়েছে। আমরা মুসাকে গ্রেপ্তার করেছিল থানায় নিয়ে এসেছি। লাশ বর্তমানে মর্গে আছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরকে হাইকোর্টের নির্দেশ