জেলা প্রশাসকের গণশুনানিতে হাজির হয়ে শারীরিকভাবে অসুস্থ ও অসহায় আটজন এবং একজন শিক্ষার্থী আর্থিক সহায়তা পেয়েছেন। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের হাতে এ সহায়তা তুলে দেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়, এদিন সবমিলে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী গণশুনানিতে অংশ নেন।
অনলাইনে যুক্ত হন একজন প্রবাসী। জেলা প্রশাসক তাদের প্রত্যেকের কথা আলাদাভাবে মনোযোগ দিয়ে শোনেন। পরে তাদের হাতে সহায়তাও তুলে দেন তিনি। জেলা প্রশাসন থেকে আরও জানানো হয়, প্রবাসীসহ কয়েকজনের অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। কিছু অভিযোগ নিষ্পত্তির জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তার ফলাফল সেবাপ্রত্যাশীদের জানানোর নির্দেশনাও দেওয়া হয়।












