চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে বইমুখী করতে হবে। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বইমেলার আয়োজনের মতো নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, আজকের নতুন প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদের বই পড়ায় উৎসাহিত করতে হবে।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, অধ্যাপক সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, ড. সৌরভ শাখাওয়াত, মিয়া জামশেদ উদ্দিন, কবি প্রদ্যোৎ কুমার বড়ুয়া, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন রাজু, এস এম আজাদ, হামিদুল হক চৌধুরী, সেলিম উদ্দিন, মিনহাজ উদ্দিন, আলমগীর ইমন। আবৃত্তি করেন দিলরুবা খানম, নাহিদা নাজু, প্রতীমা দাশ। গান পরিবেশন করেন এসবি সুমি, সোহেল, জুয়েল।
আজ শুক্রবার বইমেলার ৪র্থ দিনে বিকেল ৪টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এছাড়া সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রেস বিজ্ঞপ্তি।











