চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা উদ্বোধন

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী ও সদস্য সচিব প্রফেসর ডা. আব্বাস উদ্দিনসহ অতিথিরা মেলা উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রফেসর ডা. আব্বাস উদ্দিন বলেন, ডায়াবেটিস কোনো মরণঘাতী রোগ নয়, নিয়ম–শৃঙ্খলার মাধ্যমে চিকিৎসা করলে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এই মেলা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় স্বাস্থ্যসচেতনতামূলক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিস পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের স্টলে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বল্পমূল্যে এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, ডায়াবেটিস স্ক্রিনিং এবং ডায়াবেটিক ফুটসহ হাত–পায়ের যত্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া আজ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিগুলোর সমাপ্তি ঘটবে।

মেলার পাশাপাশি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সেমিনার হলে ‘ডায়াবেটিস–যমজ মহামারী : বৈশ্বিক ফলাফল এবং ব্যবস্থাপনার আপডেট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যজিৎ মল্লিক। স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. সুমন রহমান চৌধুরী। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারহানা আকতার বলেন, জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে একেবারে মূল পর্যায় থেকে, অর্থাৎ পরিবার ও শিশুকাল থেকেই ইতিবাচক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে।

প্রধান অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ ডায়াবেটিস ও এর দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে আলোচনা করেন। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে চোখ, কিডনি, স্নায়ু, হৃদ্‌যন্ত্র ও রক্তনালি এবং পায়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এসব জটিলতা রোগীর জীবনের মান কমায়, চিকিৎসা ব্যয় বাড়ায় এবং অনেক ক্ষেত্রে অকাল মৃত্যুর কারণ হয়। বিশেষ করে ডায়াবেটিসের সঙ্গে স্থূলতা যুক্ত হলে এই জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই শুরু থেকেই নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং জটিলতার প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত জরুরি। সেমিনারে বিশেষজ্ঞ প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান ডা. মাসুদ করিম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন। উপস্থিত ছিলেন ডা. মো. ইব্রাহিম চৌধুরী ও ডা. রাইয়ানা ওয়ালী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে বইমুখী করতে হবে