দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান : গিয়াস কাদের এমপি

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

রাউজান–৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। বাংলাদেশের সব মানুষের পরিচয় বাংলাদেশি। তাই কাউকে নিজেকে দুর্বল বা সংখ্যালঘু মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে মানুষ আলাদা হতে পারে, কেউ পাহাড়ে, কেউ সমতলে বসবাস করতে পারে। কিন্তু দিনশেষে সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকের অধিকার সমান। একটি সুন্দর, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ৬ নভেম্বর রাউজানের সুলতানপুর নন্দীপাড়া শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিবসে মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এলাকাবাসীর মাঝে শাড়ি, লুঙ্গি ও মশারী বিতরণ করেন।

নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিহার রঞ্জন সর্ব্ববিদ্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল নন্দীর সঞ্চালনায় ১ম দিবসে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন রাউজান পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন মহাজন লিটু, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু, রাউজান রামকৃষ্ণ আদ্যাপীঠের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, রাধাকৃষ্ণ সেবক সংঘের কেন্দ্রীয় সভাপতি রিপন দাশগুপ্ত, অ্যাড. সুমন দাশ।

স্বাগত বক্তব্য রাখেন লিটন নন্দী লিটু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কানু রাম দে। প্রদীপ দাশ, এ্যানি দাশগুপ্তা ও প্রান্তিকা দাশের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি ছড়া আর গানে কবিতার শহর চট্টগ্রাম