মীরসরাই উপজেলার মায়ানী গ্রামে নানীর সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু নাতির। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন ১ নং ওয়ার্ড সৈদালী উত্তর পাড়ায় নানা বাড়িতে পুকুরে ডুবে ৮ বছরের শিশু নাঈমুল ইসলাম মারা যায়। সে নানার বাড়ির পাশেই সৈদালী নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার দুপুরে মায়ানী ইউনিয়নের সৈদালী উত্তর পাড়া সামবিবি পুকরে উক্ত ঘটনা ঘটে। নিহত নাঈমুল ইসলাম সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে গোসল করতে আসে নাঈমুল। গোসল শেষে নাঈমুলকে ঘরে পাঠিয়ে দেয় তার নানি। কিন্তু সবার অগোচরে নাঈমুল আবার কখন এসে পুকুরে পড়ে যায় তা কেউ জানে না। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে নাঈমুল কে পুকুরে পানির নিচে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, উক্ত ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











