পঞ্চম শিশু উৎসব সম্পন্ন

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫৫ পূর্বাহ্ণ

শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম কর্তৃক পঞ্চম বারের মতো আয়োজিত শিশু উৎসব ২০২৬। গত ৬ নভেম্বর চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবের পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ সংসদীয় আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। উদ্বোধক ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠী আনোয়ার। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নজরুল সংগীত শিল্পী ও গবেষক ফেরদৌস আরা। বাচিক শিল্পী স্বপ্নীল বড়ুয়া ডানা ও মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় মেহেরুন নিগারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোঃ নুর নবী। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক জেবুন নাহার শারমিন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরু হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শত কণ্ঠে জাতীয় সংগীত’, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে। শত শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের পরিবেশনা পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি করে এক আবেগঘন ও দেশপ্রেমের আবহ। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের মানবিক, সৃজনশীল, সংস্কৃতিমনস্ক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। উদ্বোধক ও একাডেমির প্রধান উপদেষ্টা জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠী আনোয়ার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিশুরা আমাদের আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে দেশের বরেণ্য নজরুলসংগীত শিল্পী ও গবেষক ফেরদৌস আরাকে ‘শিশু উৎসব ২০২৬ সম্মাননা’ প্রদান করা হয়। নজরুলসংগীতের প্রচার, প্রসার, চর্চা ও গবেষণায় তাঁর দীর্ঘদিনের অবদান এবং সংগীতাঙ্গনে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। পঞ্চম বারের মতো আয়োজিত এবারের শিশু উৎসব ২০২৬–এ চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্যকলা ও সুন্দর হাতের লেখা্তএই পাঁচটি বিভাগে সর্বমোট ১ হাজার ৪৫ জন শিক্ষার্থী নিবন্ধন করে। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের উৎসাহিত করতে অংশগ্রহণকারী প্রতিযোগীদেরও বিশেষভাবে অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় কৃষ্ণকুমারীর তিন শিক্ষার্থীর সাফল্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা