চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ৮ম গভর্নিং বডির সভা গতকাল শনিবার নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরী। ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা.দেবাশীষ দত্তের সঞ্চালনায় সভায় হাসপাতালের সার্বিক অগ্রগতি ও চলমান কার্যক্রম, চিকিৎসাসেবার পরিধি সমপ্রসারণ এবং সাধারণ মানুষের জন্য আধুনিক, মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিএলএফ কমপ্লেক্সে একটি বহুতল ভবন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিগত গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, উন্নতমানের চক্ষু চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য এলসিআইএফ ভিশন গ্রান্টের আওতায় একটি প্রকল্প প্রেরণ এবং এর অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এলসিআইএফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. দেব নারায়ণ শাহ’র মাধ্যমে হাসপাতালের সার্বিক সেবাকার্যক্রম পরিদর্শন এবং হাসপাতালের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এলসিআইএফের সার্বিক সহযোগিতা, কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

এছাড়া, কানাডীয় স্বেচ্ছাসেবী সংস্থা জেকো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রামের বিভিন্ন লায়ন্স ক্লাবের সার্বিক ও কারিগরি সহযোগিতায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য পরিচালিত চক্ষু শিবিরের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব শিবিরের মাধ্যমে অসহায় ও দরিদ্র ছানি রোগীদের যথাযথভাবে শনাক্ত করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের আওতায় আনার কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট লায়ন্স ক্লাব ও চক্ষু শিবির আয়োজকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

পাশাপাশি, রোগী নির্বাচনের ক্ষেত্রে অনুসরণীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাব ও আয়োজকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম. এ. মালেক, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস ও লায়ন মো.মোস্তাক হোসাইন। এছাড়া ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের উপপরিচালক ডা.শাবানা সুলতানা, সহকারী পরিচালক ইনসাফি হান্নাসহ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে, গুরুত্বপূর্ণ মতামত প্রদান এবং সিএলএফ ম্যানেজমেন্ট কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভার সভাপতি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চম শিশু উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে