লোহাগাড়ায় ট্রাক্টরের ধাক্কায় আবদুল আলম (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলম একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিজমি চাষের উপযোগী করার জন্য ট্রাক্টরটি রাস্তার ওপর উঠছিল। এ সময় দ্রুতগতির ট্রাক্টরটি আবদুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।












