যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়ে শেয়ারবাজারে বড় ধরনের ধসের মুখে পড়েছে ইলন মাস্কের দুই কোম্পানি টেসলা ও স্পেসএক্স। কঠোর সরকারি তদারকি ও নতুন বিধিনিষেধের আশঙ্কায় কেবল কয়েক দিনেই ৪২ হাজার কোটি ডলারের বেশি বাজার মূলধন হারিয়েছে দুই কোম্পানি, যার ধাক্কায় মাস্কের নিজের সম্পদও এক ট্রিলিয়ন থেকে কমে নেমেছে ৮০ হাজার কোটি ডলারের নিচে। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার বিকালে লেনদেন চলাকালে স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ ও টেসলার শেয়ারমূল্য প্রায় ১১ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
নির্বাচনী ফলাফলের পর মাস্ক যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসের তদন্তের মুখে পড়তে পারেন ও তার মালিকানাধীন কোম্পানিগুলোতে কঠোর সরকারি তদারকি ও বিধিনিষেধ আসতে পারে, বিনিয়োগকারীদের এমন শঙ্কা থেকেই এই পতন।
প্রযুক্তি খাতের সার্বিক পতনে মঙ্গলবারের পর থেকে স্পেসএক্স ও টেসলার সম্মিলিত বাজার মূলধন ৪২ হাজার কোটি ডলারের বেশি কমেছে। সাময়িক এই ধসে মোটা অংকের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন মাস্ক নিজেই। এ বছরের জুনে স্পেসএক্সের আইপিও ছাড়ার পর মাস্কের মোট সম্পদ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
ফোর্বসের তথ্য অনুসারে, এক সপ্তাহেই তার সম্পদ প্রায় ৯ হাজার কোটি ডলার কমেছে। এ দরপতনের পরও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নিজের প্রথম স্থান ধরে রেখেছেন মাস্ক।












