মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে

সীতাকুণ্ডে মতবিনিময় সভায় এসপি মাসুদ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন ও ভাটেরখীল গ্রামের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাসুদ আলম বিপিএম। গতকাল রোববার তিনি পরিদর্শনকালে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিকেল ৫টায় সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, ভীতি প্রদর্শন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার বিভিন্ন অভিযোগ পুলিশ সুপারের নিকট তুলে ধরেন স্থানীয় এলাকাবাসী। পুলিশ সুপার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্তপূর্বক দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, কোনো সন্ত্রাসী, অপরাধী, মাদক কারবারি অথবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ। মতবিনিময়কালে তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউপি সদস্য এজহারুল ইসলামের সভাপতিত্বে এবং আইনুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম, পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আলমগীর সহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধ‘আবদুল গাফফার খান ছিলেন আদর্শবাদী রাজনীতিক’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা