প্রত্যেক মেয়ে নিজের জন্য যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্রব্যবস্থা সেই পথে প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’ আয়োজিত ‘বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায়’ অংশ নিয়ে তিনি কথা বলছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার ওপর জোর দেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন এবং মার্কেটিং সাপোর্ট প্রদান করলে পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাল সমিতির সহ সভানেত্রী সাবিনা আওলাদ।














