ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড়টি ভারতে অন্ধ্র-ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে আজ কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ বন্ধ, দ্বীপে আটকা দেড় হাজার পর্যটক

আজাদী ডেস্ক | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চট্টগ্রামে গতকাল সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এতে দিনের স্বাভাবিক কর্মচাঞ্চল্যে কিছুটা প্রভাব পড়ে। চট্টগ্রামসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (আজ) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র–দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে বিডিনিউজের নএক খবরে বলা হয়, ঘূর্ণিঝড় ‘আকভান’–এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দ্বীপে ভ্রমণে যাওয়া দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, গত মঙ্গলবার ও বুধবার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে দ্বীপে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব শুরু