রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব শুরু

২০৫টি বেইনে চীবর বুনন, আজ ভিক্ষুসংঘকে দান

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

তুলা থেকে সুতা কাটা, বেইনকর্মীদের পঞ্চশীল গ্রহণ ও বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটির রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসবের সুবর্ণজয়ন্তী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফিতা কেটে বেইন ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। অন্যদিকে, চরকার মাধ্যমে সুতা কাটার উদ্বোধন করেন চাকমা রাজপরিবারের সদস্য কুমার সুমিত রায়ের সহধর্মিণী জয়তী রায়।

এ উপলক্ষে বুদ্ধমূর্তিদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ দান, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা ও তুলা উৎসর্গসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। পরে ভিক্ষুসংঘকে সঙ্গে নিয়ে পুরো বেইন ঘর পরিদর্শন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। ধর্মীয় দেশনা দেন বিহারের জ্যেষ্ঠ ভিক্ষু ভদন্ত জ্ঞানপ্রিয় মহাস্থবির।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভগবান বুদ্ধের জীবনী নিয়ে নাট্যমঞ্চায়ন দেখতে দূরদূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটে রাজবন বিহারে। অন্যান্য বছরের মতো এবারও বেইন ঘরে ২০৫টি বেইনের স্টল বসানো হয়েছে। এছাড়া বিহারের মাঠে বসেছে প্রায় শতাধিক মেলার স্টল।

রাঙামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে। সারা রাত ধরে চীবর বুনে শুক্রবার ভিক্ষুসংঘের হাতে তা তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, বৌদ্ধশাস্ত্রের বর্ণনা অনুযায়ী, ভগবান বুদ্ধের সময়ে বিশাখা তুলা থেকে সুতা তৈরি, রং করা ও শুকানোর পর কাপড় বুনে তা সেলাই করে ২৪ ঘণ্টার মধ্যে ভিক্ষুদের দান করেছিলেন। এই কাপড়কে চীবর বলা হয়। চীবর বোনার জন্য নির্ধারিত স্থানকে বলা হয় বেইন ঘর। ২৪ ঘণ্টার মধ্যে চীবর বুনে ভিক্ষুদের দান করাই কঠিন চীবর দানের বিশেষত্ব। বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় এই বস্ত্র দানের উৎসব বছরে একবার অনুষ্ঠিত হয়। প্রবারণা পূর্ণিমার পর থেকে পাহাড়ের বিভিন্ন বিহারে এ উৎসবের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকা ধান ঘরে তোলার মুহূর্তে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক