সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এসব মোবাইল পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. ইয়াসিন প্রকাশ জামাই ইয়াসিন, আবদুর শুক্কুর, পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা–ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে আবদুর শুক্কুর ইয়াসিনের দ্বিতীয় প্রধান সহযোগী হিসেবে কাজ করতো।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, আলিনগর বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতো। সমন্বিত লাইক, কমেন্ট, শেয়ার ও অর্থের বিনিময়ে পোস্ট বুস্ট করে এসব প্রচারণা ছড়ানোর তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা মোবাইলের ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে। অপপ্রচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও অর্থায়নকারীদের শনাক্তেও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হয়েছে বলেও জানান তিনি।











