ক্যাম্পাসের স্মৃতির উঠোনে চবির হীরকজয়ন্তী উৎসব

মো. শামীম হোসাইন, চবি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

মানুষ জীবনের প্রয়োজনে কত দূরেই না চলে যায়! সময়ের সঙ্গে বদলে যায় ঠিকানা, পেশা, পরিচয়, এমনকি চেহারাও। চুলে পাক ধরে, কাঁধে জমে দায়িত্বের ভার। অথচ মনের গহিনে থেকে যায় জীবনের সবচেয়ে সুন্দর সময়ের কিছু স্মৃতি, কিছু চেনা মুখ আর একটি প্রিয় আঙিনা। যে ক্যাম্পাসে একদিন স্বপ্নের বীজ বুনেছিলেন, যে করিডোরে কেটেছে দুরন্ত তারুণ্যের দিন, যে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করেছেন হাসি–কান্না, ষাট বছর পর সেই প্রিয় ঠিকানায় ফিরেছেন তাঁরা। কেউ এসেছেন একা, কেউ সন্তান–সন্ততি, জীবনসঙ্গী কিংবা মা–বাবাকে সঙ্গে নিয়ে। প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী থেকে শুরু করে সামপ্রতিক সময়ের সাবেক শিক্ষার্থী সবাই যেন ফিরে পেয়েছেন নিজেদের ফেলে আসা জীবনের এক টুকরো। উপলক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী পরিণত হয় বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মহামিলনমেলায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে কেউ জড়িয়ে ধরেছেন বুকে, কেউ স্মৃতিচারণে মেতেছেন, আবার কেউ প্রিয় বিভাগের করিডোরে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী রবিউল বলেন, এই ক্যাম্পাসে ফিরে মনে হচ্ছে আবারও সেই ছাত্রজীবনে ফিরে গিয়েছি। তখনকার বিশ্ববিদ্যালয় আর এখনকার বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু আমাদের স্মৃতিগুলো আগের মতোই রয়ে গেছে। জীবনের এমন একটি জায়গায় আবার ফিরে আসতে পারব, এটি সত্যিই অনেক আনন্দের।

বিভাগের করিডোরে ফিরে পাওয়া তারুণ্য : হীরকজয়ন্তীর অন্যতম আবেগঘন দৃশ্য ছিল সাবেক শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের করিডোরে ফিরে যাওয়া। যে শ্রেণিকক্ষে বসে একসময় ক্লাস করেছেন, যে বারান্দায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন, যে সিঁড়ি দিয়ে প্রতিদিন ছুটে গেছেন ক্লাসে সেই পরিচিত জায়গাগুলোতে দাঁড়িয়ে অনেকেই ফিরে দেখেছেন জীবনের ফেলে আসা অধ্যায়। ক্যাম্পাসজুড়ে ছিল পুরোনো বন্ধুদের খুঁজে পাওয়ার আনন্দ। কেউ মোবাইল ফোনে পুরোনো ছবি দেখিয়ে পরিচয় মিলিয়ে নিচ্ছেন, কেউ নাম ধরে ডাকছেন বহু বছর আগে হারিয়ে যাওয়া সহপাঠীকে। কারও আলোচনায় উঠে এসেছে হলজীবনের স্মৃতি, কারও গল্পে শাটল ট্রেনের যাত্রা, আবার কেউ মনে করেছেন প্রিয় শিক্ষকের ক্লাসের কথা।

সন্তানদের দেখাচ্ছেন নিজেদের স্মৃতির ক্যাম্পাস :

হীরকজয়ন্তীতে বিশেষ মাত্রা যোগ করেছে সাবেক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের উপস্থিতি। অনেকেই সন্তান–সন্ততি, জীবনসঙ্গী কিংবা মা–বাবাকে সঙ্গে নিয়ে এসেছেন। কেউ সন্তানকে দেখাচ্ছেন নিজের বিভাগ, কেউ পরিচয় করিয়ে দিচ্ছেন পুরোনো বন্ধুদের সঙ্গে।

মারদিয়া নামে ২০ তম ব্যাচের একজন বলেন, আমি চেয়েছি আমার সন্তানকে দেখাতে, তার বাবা ও আমার বিশ্ববিদ্যালয় জীবন কোথায় কেটেছে। এই ক্যাম্পাসে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে। সন্তানকে সেই জায়গাগুলো দেখাতে পেরে খুব ভালো লাগছে। আজকের দিনটি আমাদের পরিবারের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে রোম্মান নামে একজন বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী আমাদের শেকড়ের কাছে ফিরে আসার উপলক্ষ। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে।

ছয় দশকের ইতিহাসে এক সুতোয় বাঁধা প্রজন্ম :

ষাট বছরের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করেছে অসংখ্য শিক্ষার্থী, স্মৃতি ও অর্জনের ইতিহাস। সময়ের সঙ্গে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছেন দেশ–বিদেশের নানা প্রান্তে। কেউ শিক্ষক, কেউ প্রশাসক, কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী কিংবা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু জীবনের ব্যস্ততায় দূরে সরে গেলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের আত্মিক সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী থেকে শুরু করে সর্বশেষ সময়ের সাবেক শিক্ষার্থীদের একই প্রাঙ্গণে মিলিত হওয়া যেন বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাসকে এক জায়গায় নিয়ে এসেছে। প্রবীণদের স্মৃতির সঙ্গে মিশেছে নবীনদের উচ্ছ্বাস। বয়সের ব্যবধান ভুলে সবাই ফিরে পেয়েছেন নিজেদের পরিচিত ঠিকানা। ষাট বছর আগে যে ক্যাম্পাসে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা, ছয় দশক পর সেই ক্যাম্পাসেই মিলেছে অসংখ্য প্রজন্মের পথ। কেউ এসেছেন অতীতের গল্প নিয়ে, কেউ বর্তমানের উচ্ছ্বাস নিয়ে, কেউবা পরবর্তী প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও মনে করিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্মৃতি থেকে কখনো বেরিয়ে আসা যায় না।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের কল্যাণে আবাসন ও হাসপাতাল প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধপুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া ভাবলে ভুল করবেন