চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে বাড়তি স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ তিন মাস বাড়ল

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেনারের (এফসিএল) ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনমাস এ সুবিধা বহাল থাকবে। এতে বাড়তি স্টোররেন্টের চাপ থেকে সাময়িক স্বস্তি পাবেন আমদানিকারকেরা।

গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানান সংস্থাটির সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে আমদানি করা এফসিএল কনটেনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। খবর বাসসের। মঙ্গলবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে থাকা আমদানি করা এফসিএল কনটেনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায়ের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা আরও তিন মাস বাড়িয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে এ সুবিধার আওতায় খালি কনটেনার পড়বে না। একই সঙ্গে বন্দরের কার্যক্রম সচল রাখা ও ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমদানিকারকদের দ্রুত কনটেনার ডেলিভারি নেওয়ার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ায় আমদানিকারকেরা বাড়তি সুবিধা পাবেন। এতে পণ্য খালাসের ব্যয় কমবে। আমদানিকারকদের খরচ কমলে পণ্যের দামেও ইতিবাচক প্রভাব পড়বে, যার সুফল ভোক্তারাও পাবেন।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুরা ফিরলেও ফেরেনি মিসকাত
পরবর্তী নিবন্ধটেন্ডার দাখিলে মাত্র দুইদিনের সময় নিয়ে ক্ষোভ-বিতর্ক