পটিয়ায় হঠাৎ করে তৎপর হয়ে উঠেছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা। গত ৬ মাস তাদের তেমন তৎপরতা ছিল না। হঠাৎ করে ২৫–৩০ জন কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে এসেছেন কয়েজন অপহৃত কৃষক ও শ্রমিক। এতে পাহাড়জুড়ে প্রতিদিন জীবিকার সন্ধানে যাওয়া কৃষকসহ বিভিন্ন শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, পাহাড়ি সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়েছে বেশ কিছু বাঙালি। বাঙালি সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে অপহরণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকার শ্রীমাই অগ্নিছড়ায় অপহরণের এ ঘটনা ঘটে। অস্ত্রধারীরা কৃষকদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের প্রায় ৩০ থেকে ৪০ ফুট উপরে গহিন জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাদের হাত–পা বেঁধে আটকে রাখা হয় এবং মুক্তিপণ আদায়ে নির্যাতন করা হয় বলে স্থানীয়রা জানান। জিম্মি দশা থেকে কয়েকজন কৃষক কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। তবে এখনো অনেক কৃষক ও শ্রমিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।
অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে ৭০ হাজার থেকে এক লাখ–দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বজন ও বাগানের মালিকেরা। এমনকি কয়েকজনের মুক্তির আশায় বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পরও তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পাহাড়ি এলাকার কৃষক, বাগান মালিক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপহরণের পর পালিয়ে আসা হাইদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহাজনপাড়া এলাকার আবদুল আলম (৫০) জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা কৃষিকাজের জন্য পাহাড়ের বাগানে যান। বিকালের দিকে ১৫–১৬ জন অস্ত্রধারী এসে তাদের জিম্মি করে।
মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া কৃষকেরা জানান, অস্ত্রধারীদের হাতে লম্বা কিরিচ, দা ও ছুরি ছিল। তারা প্রায় ২৫ থেকে ৩০ জন কৃষক ও শ্রমিককে জোরপূর্বক ধরে পাহাড়ের ৩০ থেকে ৪০ ফুট উপরে নিয়ে যায়। সেখানে তাদের হাত–পা বেঁধে আটকে রাখা হয়। একপর্যায়ে সুযোগ বুঝে কয়েকজন পালিয়ে আসেন। তাদের মধ্যে আবদুল আলমও রয়েছেন। তিনি বলেন, আমরা কয়েকজন পাহাড় থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছি।
একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পণ্ডিতপাড়া এলাকার কৃষক ইছহাক বলেন, আমরা মুখ বেঁধে কথা বলছি। কারণ অপহরণকারীরা আমাদের চিনতে পারলে মেরে ফেলতে পারে। তারা আমাদের ধরে পাহাড়ের গহিন জঙ্গলে নিয়ে যায়। তাদের সবাই বাঙালি এবং অস্ত্রধারী।
তিনি বলেন, প্রায় দুই মাস আগেও একইভাবে দুই থেকে তিনজন কৃষককে অপহরণ করা হয়েছিল। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। এবারও একই কায়দায় কৃষকদের ধরে নিয়ে গিয়ে পরিবারের কাছে টাকা দাবি করা হচ্ছে। ফলে পাহাড়ি বাগানে কাজ করতে যাওয়া কৃষকদের মাঝে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
অপহৃতদের একজন জসিম উদ্দিন (৪৫)। তিনি হাইদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমির বাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর। মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলের অপেক্ষায় দিন কাটাচ্ছেন তার বৃদ্ধ মা ছেয়ার বানু। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো হদিস নেই। তোমরা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগ–উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের সদস্যের।
জসিম উদ্দিনের প্রতিবেশী ও বাগানমালিক তৌহিদুল আলম জানান, তার বাগানে মাল্টা, লেবু, কলা ও লিচুসহ বিভিন্ন ফলের চাষ হয়। প্রায় ১০ হাজার লেবু গাছের একটি বাগানও রয়েছে। জসিম তার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার অন্য একজনের বাগানে কাজ করতে গিয়ে তিনি অপহরণের শিকার হন।
তৌহিদুল আলম বলেন, অপহরণকারীরা বিভিন্ন পরিবারের কাছে ৭০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছে। হাইদগাঁও ইউনিয়নের ডুয়ারপাড়া এলাকার নাসু, কালু ও আবদুল মান্নান নামের তিন কৃষকের মুক্তির জন্য জনপ্রতি ৩০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানান তিনি। কিন্তু টাকা পাঠানোর পর অপহরণকারীদের দেওয়া মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়। ফলে টাকা পাঠানোর পরও তাদের মুক্তি কিংবা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
বাগানমালিক শহিদুল ইসলাম বলেন, অপহরণকারীরা বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে কারও কাছে ৭০ হাজার টাকা, আবার কারও কাছে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। পাহাড়ি বাগানে কাজ করতে যাওয়া সাধারণ কৃষক ও শ্রমিকদের ধরে নিয়ে এভাবে মুক্তিপণ দাবি করায় বাগানমালিকদের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও ফলের বাগান পরিচালনা করা কঠিন হবে।
পরিবার ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাইদগাঁও ইউনিয়নের আমির বাড়ি এলাকার দিনমজুর জসিম উদ্দিন (৪৫), ডুয়ারপাড়া এলাকার দিনমজুর ফরমান উদ্দিন (৩৫), একই এলাকার দিনমজুর আবদুল মান্নান (৪৮) এবং কৃষক জয়লাল আবেদিন (৩৬)। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন পণ্ডিত বাড়ি এলাকার কৃষক আবদুল আলম (৬৬) ও মহাজনপাড়ার বাসিন্দা ইছহাক (৪৫)। তবে অপহৃতের প্রকৃত সংখ্যা, পালিয়ে আসা ব্যক্তিদের সংখ্যা এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কৃষক ও বাগান মালিকদের অভিযোগ, হাইদগাঁওসহ পটিয়ার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অস্ত্রধারী চক্রের তৎপরতা রয়েছে। পাহাড়ি বাগানে কাজ করতে যাওয়া কৃষকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা নতুন নয়। প্রায় দুই মাস আগে একই ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। তাদের দাবি, পাহাড়ি এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়াতে হবে। পাশাপাশি অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি বাগানগুলোতে কৃষক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, বিষয়টি অবগত হওয়ার পর অপহৃত ব্যক্তিদের উদ্ধারে কৌশলে কাজ চালিয়ে যাচ্ছি। ডিবি টিমও কাজ করে যাচ্ছে। তবে অপহৃতদের অবস্থান শনাক্ত কিংবা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি।











