শ্রমিকদের কল্যাণে আবাসন ও হাসপাতাল প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে : ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

শ্রমিকদের জীবনমান উন্নয়ন, আবাসন সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চসিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রশাসক ডা.শাহাদাত হোসেন।

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে শুধু কথায় নয়, বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানে পাঁচটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রীও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন।

তিনি গতকাল বুধবার চসিক কনফারেন্স রুমে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রশাসক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মীর জন্য প্রথমবারের মতো দুই ঈদে ৫ হাজার টাকা করে বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এটি প্রচলিত ঈদ বোনাসের বাইরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া অনুদান। শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের প্রতিফলন।তিনি বলেন, সরকার সারা দেশে শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চট্টগ্রামেও একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চসিকের অধীন কোনো একটি হাসপাতাল শ্রমিকদের স্বাস্থ্যসেবার জন্য বিশেষভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, নগরীর ১৬টি থানার আওতাধীন এলাকায় প্রকৃত শ্রমজীবীদের চিহ্নিত করতে সংগঠনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। এ জন্য ৮ থেকে ১০ জনের সমন্বয়ে কমিটি গঠন করে প্রকৃত শ্রমজীবীদের তালিকা তৈরি করতে হবে। তাঁদের বৈধ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। তবে সবকিছুই প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করে করতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শ ম জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান,মোতালেব চৌধুরী, জামাল উদ্দিন, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, এস এম আজম উদ্দিন, আব্দুল বাতেন, গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, আনোয়ারুল আজিম সবুজ, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, আবুল কালাম, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, আজিজ উদ্দিন মিন্টু,মামুনুর রশিদ, মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ দখলমুক্ত হল আগ্রাবাদ বালুর মাঠ
পরবর্তী নিবন্ধক্যাম্পাসের স্মৃতির উঠোনে চবির হীরকজয়ন্তী উৎসব