পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। ছয় দশকের স্মৃতি, অর্জন আর গৌরবের গল্পে মিলনমেলায় পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাসে দিনভর চলেছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকানের সভাপতিত্বে কেন্দ্রীয় মাঠে আয়োজিত মূল আলোচনা পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চবি উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রির (শিল্পখাত) সঙ্গে যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্মসূচি। এসময় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য সবার কাছে তিনি আন্তরিক দুঃখ প্রকাশও করেন। অর্থমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ ঘটানোর বিষয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বড় গবেষণা শুরু করার আশাও তিনি প্রকাশ করেন। তার মতে, এর মাধ্যমে শিল্প, কৃষি, সামুদ্রিক খাত (মেরিন সেক্টর), ইলেকট্রিক খাত ও ডিজিটাল মাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ তৈরি করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোকে কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এলামনাই ও উপস্থিত সবাইকে মুক্ত আলোচনায় অংশ নিতে অনুরোধ জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক অবস্থানের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, নদী, সমুদ্র ও পাহাড় ঘেরা এমন সুন্দর পরিবেশ বিশ্বের খুব কম ক্যাম্পাসেই আছে। এটিই এই বিশ্ববিদ্যালয়ের আলাদা সম্ভাবনা। এই সম্ভাবনা ও এলামনাই নেটওয়ার্ককে কাজে লাগানো নিয়ে আলোচনা হওয়া উচিত বলেও তিনি মত দেন।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গবেষণার গুরুত্ব তুলে ধরে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন তার বক্তব্যে বলেন, যত অবকাঠামোগত উন্নয়ন কিংবা যত ধরনের সুযোগ–সুবিধা আমরা বৃদ্ধি করি না কেন, যতক্ষণ না পর্যন্ত গবেষণাধর্মী কাজগুলো আরও সমৃদ্ধ ও বিস্তৃত হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর শুধু সময়ের হিসাব নয়; এটি জ্ঞান, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনের একটি দীর্ঘ পদযাত্রা। সরকারের অন্যতম পরিকল্পনা হলো গবেষণাধর্মী কাজ বাড়িয়ে দেশের বিদ্যমান শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ জনবল তৈরি হবে, যারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সংশ্লিষ্ট খাতকে সমৃদ্ধ করবে এবং দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসি নির্মাণের অনুমোদন হয়েছে। আরেকটি হল নির্মাণের বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাটহাজারী আসনের সংসদ সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর বাবা–মা দুজনই এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। শিক্ষা, জ্ঞানচর্চা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এর অনন্য বৈশিষ্ট্য। এটি শুধু শিক্ষার্থীদের শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আনা–নেওয়া করে না; এর সঙ্গে বহন করে তারুণ্যের উচ্ছ্বাস, গান, কবিতা, বিতর্ক এবং আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন। গত ৬০ বছরে এ বিশ্ববিদ্যালয় দেশকে বহু প্রখ্যাত বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক, রাজনীতিবিদ, সমাজসেবী ও সমাজকর্মী উপহার দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, হীরকজয়ন্তী কেবল অতীতের অর্জন স্মরণ করার আয়োজন নয়; বরং অতীতের অভিজ্ঞতা, বর্তমানের মূল্যায়ন এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ উপলক্ষ। আগামী ৭৫ ও ১০০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশিত টিএসসি নির্মাণ প্রকল্পটি ৫০ কোটি টাকা ব্যয়ে সমপ্রতি অনুমোদিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত আট মাসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপাচার্য বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও হাতে–কলমে কাজের মাধ্যমে বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারেন। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে র্যাঙ্কিং সেল গঠন, শিক্ষক–গবেষকদের উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রম উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরিতে কনফুসিয়াস সেন্টার চালু করা হয়েছে।
পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরও আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট প্রসঙ্গে উপাচার্য বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী, দেশ–বিদেশের প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। র্যালির শুরুতে শান্তির পায়রা ও বেলুন–ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে সেখানে কেক কাটা হয়। সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় হীরকজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা, ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। তাদের স্মৃতিচারণে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের অতীত দিনের নানা ঘটনা, শিক্ষাজীবনের আনন্দ–বেদনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয়ের বিকাশের বিভিন্ন অধ্যায়। বিভিন্ন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলায় আবেগঘন হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, প্রক্টর, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, প্রশাসক, সহকারী প্রক্টর, আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন উপ–কমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও সদস্য, আবাসিক শিক্ষক, অফিসপ্রধান, কর্মকর্তা–কর্মচারী, অ্যালামনাই, আমন্ত্রিত অতিথি, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।











